একজন মুক্তিযোদ্ধার জন্য আমাদের লড়াই: জাতীয় জাদুঘরে সঙ্গীত সন্ধ্যা [আপডেট - ০২]
০১
মুক্তিযোদ্ধা এ জে এস এম খালেদ- এর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ প্রচেষ্টার অংশ হিসেবে এবার আমরা জুলাইয়ের বারো তারিখ ( ১২-০৭-২০০৯) একটি চ্যারিটি সঙ্গীতানুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এ অনুষ্ঠানের সম্ভাব্য শিল্পী তালিকায় আছেন সাদি মোহাম্মদ, খায়রুল আনাম শাকিল, লীনা তাপসী, লিলি ইসলাম সহ আরো অনেকে ( শিল্পীর তালিকা অবশ্যই আরো বড় হবে, এখনো কথা বার্তা চলছে)। অনুষ্ঠানের ভেন্যু হিসেবে বাছাই করা হয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের শহীদ জিয়া মিলনায়তনকে।
এ অনুষ্ঠানের সাথে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরের পূর্বের অনুষ্ঠানের একটি মৌলিক পার্থক্য রয়েছে। সেই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিলো মানুষকে জানানো, আর এই অনুষ্ঠানে আমরা শুধু জানাতেই চাইছি না, একই সাথে চাইছি কিছুটা অর্থও সংগ্রহ করতে। নানারকম সীমাবদ্ধতার কারণে এ ধরনের অনুষ্ঠান ঘন ঘন আয়োজন করা সম্ভব নয়, ফলশ্রুতিতে সর্বোচ্চ সংখ্যক দর্শক নিশ্চিত করাই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
জাদুঘর সূত্রানুযায়ী, শহীদ জিয়া মিলনায়তনে সিট আছে ৭০০ টি। কাজেই আমাদের সকলের সম্মিলিত উদ্যোগেই এই সব ক'টি টিকেট বিক্রি নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, জাদুঘর মিলনায়তনের কোন অনুষ্ঠানের জন্য টিকিট বিক্রি নিষিদ্ধ, এর ফলে আমরা এই অনুষ্ঠানের জন্য আসলে কোন টিকিট বিক্রি করছি না। তার বদলে আমরা মানুষজনকে একটি আমন্ত্রন পত্র দিচ্ছি, কিছু ডোনেশনের বিনিময়ে। প্রতিটি আমন্ত্রন পত্রের জন্য নূন্যতম ডোনেশন ধার্য করা হয়েছে পাঁচশ টাকা। তবে অবশ্যই যে কেউ চাইলে এর চেয়ে বেশি ডোনেশন দিয়েও টিকিট সংগ্রহ করতে পারেন।
এটা খুব সহজেই অনুমেয় যে প্রকাশ্যে প্রচারবিহীন এমন একটি অনুষ্ঠানের জন্য সাতশ টিকিট বিক্রি নিঃসন্দেহে একটি কঠিন কাজ। তবে অসম্ভব অবশ্যই নয়। এর জন্যই আমাদের দরকার আপনাদের সহৃদয় সাহায্য।
এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রন পত্র ছাপানো হয়ে যাবে পঁচিশে জুনের আগেই। আমন্ত্রন পত্র ছাপা হয়ে যাওয়া মাত্র এই পোস্টে সেই আপডেট জানিয়ে দেওয়া হবে। আমন্ত্রন পত্র সংগ্রহের স্থান সংক্রান্ত আপডেটও এই পোস্টেই জানানো হবে।
০২
এই পোস্টের পাঠক, আপনি পূর্ণ সচল কিংবা অতিথি সচল কিংবা শুধুই পাঠক যেই হোন না কেন, আপনি যদি নিজের জন্য কিছু টিকেট কিনেন এবং সেই সাথে আপনার আশে পাশের মানুষদেরও টিকেট কিনতে উদ্বুদ্ধ করেন, তবে এই টিকেট বিক্রি খুব দুরূহ কোন কাজ বলে আমরা কেউই মনে করি না। এ ক্ষেত্রে প্রবাসী সচলদেরও বিশাল ভূমিকা রাখার সুযোগ আছে বলে আমরা মনে করি, কারণ আপনি সহজেই দেশে আপনার পরিবার-বন্ধু সবাইকে দিয়ে টিকেট কেনাতে পারেন। এছাড়া অনেকেরই হয়তো আত্মীয় কিংবা পরিচিতের মধ্যে অনেক বিত্তশালী এবং বিশাল নেটওয়ার্কসম্পন্ন মানুষ আছেন, আপনারা তাঁদের কাছেই প্রচুর টিকেট বিক্রি করতে পারবেন চেষ্টা করলে।
এরই মধ্যে অবশ্য চমৎকার একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, সচল আনিস মাহমুদ, তিনি পঞ্চাশটি টিকেট নিজে বিক্রির দায়িত্ব নিয়েছেন। এরকমভাবেই সবাই এগিয়ে আসলে, আশা রাখি সাতশ টিকেট বিক্রি হওয়া শুধু মাত্র সময়ের ব্যাপার।
০৩
দৈনন্দিন জীবনে আমাদের সবারই ব্যস্ততা অপরিসীম। হয়তো এই টিকেট বিক্রির জন্য যোগাযোগের সময়টুকু বের করাও হয়তো আমাদের অনেকের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যাবে। তবুও আশা করি, আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটুকুই ব্যবহার করবো। আমরা শুধু এটুকুই মাথায় রাখতে চাই, ক্যান্সার থেমে নেই - সে তার আপন গতিতে ধ্বংস চালিয়ে যাচ্ছে, তাই আমাদের সবই করতে হবে খুব দ্রুত।
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এ অবস্থায়, এই অনুষ্ঠানকে সার্থক করা ছাড়া আর কোন পথ খোলা নেই - আর এই অনুষ্ঠানের সার্থকতা নির্ভর করছে আপনারই উপর, তাই আবেদন রইলো সবার প্রতি , সঙ্গে থাকুন।
আপডেট ০১:
এখন পর্যন্ত টিকিট বিক্রির দায়িত্ব নিয়েছেন যারা যারা...
আনিস মাহমুদ - ৫০ টি
মাহবুব লীলেন - ২০ টি
মামুন হক - ১০ টি (কমপক্ষে, প্রথম সারির)
আহমেদুর রশীদ-১০টি
পান্থ রহমান রেজা- ৫টি
সাইফুল আকবার খান - ১০টি
অতএব, এখন পর্যন্ত মোট টিকিট বরাদ্দ হয়েছে ১০৫ টি।
এছাড়া থার্ড আই উদাহরণ প্রসঙ্গে ১০টি টিকিটের কথা বলেছেন, নিশ্চিত না হওয়ার কারণে সেইটাকে লিস্টে ধরলাম না।
মোট টিকিটের সংখ্যা আরো অনেক বেশি, কাজেই সবার সহৃদয় এবং সর্বোচ্চ অংশগ্রহণ আশা করছি।
নিয়মিত এই লিস্ট আপডেট করা হবে।
আপডেট ০২:
সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১২ জুলাই, রবিবার, জাতীয় জাদুঘরের শহীদ জিয়া মিলনায়তনে যে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তার জন্য আমন্ত্রন পত্র এবং ডোনেশন সংগ্রহের মানি রিসিপ্ট ছাপানোর কাজ শেষ হয়েছে।
সবাইকে সাধ্যমতো টিকিট বিক্রিতে সহায়তা করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই টিকিট পাওয়া যাবে,
শুদ্ধস্বর
৯১, আজিজ সুপার মার্কেট
শাহবাগ, ঢাকাতে।
এছাড়াও অঞ্চল ভিত্তিক কয়েকজনের কাছে টিকিট পৌছে দেওয়া হবে, সেইসব অঞ্চলের কেউ চাইলে তাদের থেকেও টিকিট সংগ্রহ করতে পারেন। এই সংক্রান্ত তথ্য পরবর্তীতে পোস্টে আপডেট করা হবে।
টিকিট এবং অনুষ্ঠান সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন নিম্নোক্ত ব্যক্তিদের সাথে:
তারেক - ০১৭১৫৬৩৮৯৬২
আহমেদুর রশীদ - ০১৭১৬৫২৫৯৩৯
জ্যোতির্ময় - ০১৬৭৮১২৮৩৮৪
নজরুল - ০১৭১৩০৪১৭৬৭
01:37 | | 0 Comments